অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক কর্মকর্তা মোহাম্মদ হারুন অর রশীদসহ সাত পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে আরেক পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে আনা পলায়নের অভিযোগ বিভাগীয় তদন্তে প্রমাণিত হয়েছে। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন হারুন অর রশীদ। ফলে ওই দিন থেকেই তাঁর চাকরিচ্যুতির আদেশ কার্যকর হবে।
এর আগে তিনি সাময়িক বরখাস্ত অবস্থায় ছিলেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, হারুন অর রশীদের বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং ই-মেইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি কর্মস্থলে ফিরে আসেননি।
পরে পুলিশ সদর দপ্তরের অনুরোধে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।
চলতি বছরের ১৫ এপ্রিল হারুন অর রশীদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়।
অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও তিনি কোনো লিখিত জবাব দেননি। জবাব দেওয়ার জন্য অতিরিক্ত সময়ও চাননি।
এরপর ২২ জুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হয়।
৬ আগস্ট জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়।
২০ আগস্ট দ্বিতীয়বার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও সেটিরও কোনো জবাব দেননি তিনি।
তদন্তের পর হারুন অর রশীদকে চাকরি থেকে বরখাস্ত করার বিষয়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মতামত চায় সরকার।
১ অক্টোবর কমিশন তাঁকে বরখাস্তের সুপারিশ করে।
বিভাগীয় মামলার নথি, তদন্ত প্রতিবেদন এবং পিএসসির মতামত পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ২৫ অক্টোবর রাষ্ট্রপতি বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন দেন।
হারুন অর রশীদ ছাড়াও চাকরিচ্যুত হয়েছেন আরও ছয় পুলিশ কর্মকর্তা।
তাঁরা হলেন রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান, ট্যুরিস্ট পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী, লক্ষ্মীপুরের সাবেক পুলিশ সুপার তারেক বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাছান, ডিএমপির সহকারী মো. মনিরুজ্জামান সরকার এবং ডিএমপি ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ সুপার ফারহানা তাসকিন।
প্রজ্ঞাপনে তাঁদের বিরুদ্ধে কর্মস্থলে অনুপস্থিতি, অসদাচরণ এবং বিদেশে গিয়ে কর্মস্থলে ফিরে না আসার মতো কারণ উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া ডিএমপির তেজগাঁও বিভাগের সাবেক সহকারী কমিশনার কাজী মিজানুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ বিভাগীয় প্রক্রিয়ায় প্রমাণিত হয়েছে, যা অসদাচরণের শামিল।
সব মিলিয়ে সাতজনকে চাকরি থেকে বরখাস্ত এবং একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।