বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

ভরা মৌসুমেও ইলিশের চড়া দাম, কেজি ২৭০০ টাকা

  • সবশেষ আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৮৪ জন সংবাদটি দেখেছেন

ভরা মৌসুমেও ইলিশের বাজারে স্বস্তি মিলছে না। রাজধানীর বিভিন্ন বাজারে সরবরাহ তুলনামূলক কম থাকায় চড়া দামেই বিক্রি হচ্ছে জাতীয় মাছ ইলিশ। আকারভেদে এক কেজি ওজনের ইলিশের দাম উঠেছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৭০০ টাকা পর্যন্ত। ছোট ইলিশের দামও তুলনামূলক বেশি।

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর গুলশান, রামপুরা ও আশপাশের বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

বাজারে প্রায় ২৫০ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। ৫০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম কেজিপ্রতি ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ২৫০ টাকা। আর এক কেজি বা তার কাছাকাছি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৭০০ টাকায়।

বারিধারার জোয়ার সাহারা বাজারের মাছ বিক্রেতা শিপন বর্মণ জানান, তার দোকানে ৩৫০ গ্রাম থেকে ১ হাজার ২০০ গ্রাম পর্যন্ত ওজনের ইলিশ রয়েছে। ছোট আকারের ইলিশ কেজিপ্রতি ১ হাজার থেকে দেড় হাজার টাকা এবং বড় ইলিশ ২ হাজার ৫৫০ থেকে ২ হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া বাজারে প্রায় ১৪৫ গ্রাম ওজনের ছোট ইলিশও কেজিপ্রতি ৭০০ টাকার আশপাশে বিক্রি হচ্ছে।

ইলিশের দাম বেশি থাকার কারণ হিসেবে সরবরাহ সংকটের কথা বলছেন ব্যবসায়ীরা। শিপন বর্মণ বলেন, আড়তে ইলিশের সরবরাহ কম। পরিবহনসহ অন্যান্য খরচও বেড়েছে। সাগরে ঘন ঘন নিম্নচাপের কারণে জেলেদের মাছ ধরতে সমস্যা হচ্ছে। ফলে বাজারে সরবরাহ না বাড়ায় দামও কমছে না।

গুলশান কাঁচাবাজারের মাছ বিক্রেতা জামাল হোসেন বলেন, ইলিশের প্রতি ক্রেতাদের আলাদা চাহিদা রয়েছে। বর্তমানে অন্যান্য মাছের দামও বেশি। এর প্রভাব ইলিশের বাজারেও পড়েছে।

ব্যবসায়ীদের দাবি, মাছ আহরণ থেকে বাজারজাত করা পর্যন্ত জ্বালানি, জাল, বরফ ও পরিবহনসহ প্রায় সব ক্ষেত্রেই খরচ বেড়েছে। আড়ত থেকেও বেশি দামে ইলিশ কিনতে হচ্ছে। এসব কারণে ভরা মৌসুমেও দাম প্রত্যাশিত পর্যায়ে নামছে না।

অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, মৌসুমেও ইলিশ সাধারণ মানুষের নাগালের বাইরে থেকে যাচ্ছে। জোয়ার সাহারা বাজারে মাছ কিনতে আসা বেসরকারি চাকরিজীবী জাহিদ হাসান বলেন, ইলিশ কেনার ইচ্ছা থাকলেও বেশি দামের কারণে শেষ পর্যন্ত তিনি রুই মাছ কিনেছেন।

আরও কয়েকজন ক্রেতার দাবি, বাজারে ইলিশের উপস্থিতি থাকলেও দাম কমছে না। শুধু সরবরাহ সংকটকেই উচ্চমূল্যের কারণ হিসেবে মানতে নারাজ তারা।

ব্যবসায়ীরা বলছেন, ইলিশের দাম কমাতে বাজারে সরবরাহ বাড়ার বিকল্প নেই। নদী ও সাগরে বেশি ইলিশ ধরা পড়লে আড়তে সরবরাহ বাড়বে। এতে বাজারে প্রতিযোগিতা তৈরি হয়ে দামও কিছুটা কমে আসতে পারে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com