আরপিএমপি ডিবির অভিযানে দুই সামুরাইসহ গ্রেপ্তার যুবক
সবশেষ আপডেট :
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
২৪৫
জন সংবাদটি দেখেছেন
রংপুর মহানগরীর কোতোয়ালী থানাধীন জুম্মাপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুটি ধারালো সামুরাই উদ্ধারসহ এক যুবককে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।
শনিবার (৩ অক্টোবর) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে জুম্মাপাড়া এলাকার বেগম রোকেয়া বালিকা উচ্চ বিদ্যালয় সড়কে শোভন নামে এক ব্যক্তির বাসার সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করা হয়।
আরপিএমপি সূত্র জানায়, পুলিশ কমিশনার মো. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা’র সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে মো. রিয়াজুল ইসলাম ওরফে নয়নকে (৩২) গ্রেপ্তার করা হয়। তিনি রংপুর মহানগরীর কোতোয়ালী থানার জুম্মাপাড়া এলাকার বাসিন্দা।
অভিযানকালে তার কাছ থেকে দুটি স্টিলের তৈরি ধারালো সামুরাই উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র দুটির দৈর্ঘ্য প্রায় ২২ ইঞ্চি। একটি সামুরাইয়ের গায়ে ইংরেজিতে “STAINLESS STEEL MADE IN BRAZIL” এবং অন্যটির গায়ে “CHENCHUJI MADE IN BRAZIL” লেখা রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরপিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, মহানগর এলাকায় অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।