মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কৌশলগত অংশীদারত্বে কর্মীদের কল্যাণে নতুন উদ্যোগ আকিজ রিসোর্সের তরুণদের চাকরিপ্রার্থী নয় উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার সমাজকল্যাণমন্ত্রী শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় অর্ণবের, বুধবার অন্ধ্র উপকূলে আঘাতের শঙ্কা পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে চট্টগ্রামে জামায়াত নেতাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি ২৯ অক্টোবর হচ্ছে না এইচএসসির ফল, নতুন তারিখ ৩১ অক্টোবর ৩৫০ বছর আগে বিলুপ্ত ডোডো পাখি পৃথিবীতে ফিরিয়ে আনছেন বিজ্ঞানীরা! ১ নভেম্বর চার মাসের বকেয়াসহ বাড়তি বেতন, তবে পাচ্ছেন না সবাই ভুয়া বিলের মাধ্যমে রেলওয়ের ৯৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, দুদকের মামলা ১৪ জনের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ ঘিরে পীরগঞ্জে তিন হিন্দু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর

পীরগঞ্জে ধর্ম অবমাননার অভিযোগে যুবকের বাড়িসহ তিন বাড়িতে হামলা, গ্রেপ্তার ২

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ৯ জন সংবাদটি দেখেছেন

রংপুরের পীরগঞ্জে ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তির অভিযোগকে কেন্দ্র করে এক যুবকের বাড়িসহ তিনটি বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাড়িঘর ভাঙচুর ও ধর্ম অবমাননার অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে। পুলিশ দুইজনকে গ্রেপ্তার করেছে।

সোমবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার বাসিন্দা সৌরভ চন্দ্র মোহন্তের বিরুদ্ধে ফেসবুকে মহানবীকে নিয়ে কটূক্তিমূলক ভিডিও প্রকাশের অভিযোগ ওঠে। ভিডিওটি প্রথমে গাজীপুরে ছড়িয়ে পড়লে উত্তেজনা তৈরি হয়। পরে সৌরভ নিজের আইডি থেকে ভিডিওটি সরিয়ে নিলেও অন্যরা সেটি ডাউনলোড করে বিভিন্ন আইডি থেকে ছড়িয়ে দেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় একদল বিক্ষুব্ধ ব্যক্তি সৌরভের পরিবারের বাড়িসহ তিনটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেন বলে অভিযোগ উঠেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের ভাষ্য, মাগরিবের নামাজের পর একদল লোক তাঁদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। বিদ্যুৎ না থাকায় হামলাকারীদের শনাক্ত করতে পারেননি তাঁরা। তাঁদের অভিযোগ, ঘরবাড়ি ও আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি তিনটি ছাগলও নিয়ে যাওয়া হয়েছে।

খবর পেয়ে রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী এবং স্থানীয় বিএনপির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ওসি নজমুল হক বলেন, সৌরভের ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশের পর বিভিন্ন আইডিতে ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করেই স্থানীয় লোকজন তাঁর বাড়িতে হামলা চালান বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ওসি জানান, সোমবার রাতে পীরগঞ্জ থানায় দুটি মামলা হয়েছে। বাড়িঘর ভাঙচুরের মামলাটি করেছেন সৌরভের বাবা বিশু চন্দ্র মোহন্ত। এ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে, ধর্ম অবমাননার অভিযোগে এলাকার মাতব্বর আমিনুল ইসলাম বাদী হয়ে মামলা করেছেন। ওই মামলায় সৌরভ চন্দ্র মোহন্তকে বগুড়ার শিবগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে বলে জানান ওসি।

ইউএনও আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।

রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে। এ ঘটনার জেরে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com