রংপুরের মিঠাপুকুরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে খালিদ হাসান (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ২ নম্বর রানীপুকুর ইউনিয়নের মাদারপুরের খিয়ারচড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খালিদ হাসান উপজেলার রূপসী গাছুয়াপাড়া গ্রামের সাবেক শিক্ষক মাহবুব ইসলামের ছেলে। তাঁর বাবা স্থানীয় মাদারপুর মাদরাসার শিক্ষক ছিলেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ভোরে খিয়ারচড়া এলাকায় গরু চোর সন্দেহে খালিদকে আটক করেন স্থানীয় কয়েকজন। পরে উত্তেজিত লোকজন তাঁকে ঘিরে এলোপাতাড়ি মারধর করেন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। নিহতের পরিবার মামলা করতে চাইলে তা গ্রহণ করা হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।