বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

পাট কিনে নৌকা নিয়ে ফেরার পথে ভারত সীমান্তে

আটক ৫ বাংলাদেশিকে আট দিনেও ফেরত দেয়নি বিএসএফ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৭ জন সংবাদটি দেখেছেন

রাজশাহীর বাঘা সীমান্তে পাট কিনে নৌকায় ফেরার পথে ভুল করে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ায় পাঁচ বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আটকের পর আট দিন পেরিয়ে গেলেও মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা পর্যন্ত তাদের দেশে ফেরত পাঠানো হয়নি।

আটকদের স্বজনরা জানিয়েছেন, পাঁচজনকে ইতোমধ্যে পশ্চিমবঙ্গের রানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তাদের ফিরে আসা নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে হতাশা ও উদ্বেগ তৈরি হয়েছে।

আটকদের ফিরিয়ে আনার বিষয়ে রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমারের সঙ্গে বৈঠক করেছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে রাজশাহীতে ওই বৈঠক শেষে তিনি আটকদের পরিবারের সদস্যদের দ্রুত ফেরানোর বিষয়ে আশ্বস্ত করেন।

জানা গেছে, গত ৭ সেপ্টেম্বর রাজশাহীর বাঘা উপজেলার বাংলাবাজার সীমান্ত এলাকা থেকে পাট কিনে নৌকায় ফেরার সময় ভুলবশত ভারতীয় সীমানায় ঢুকে পড়েন দুই মাঝিসহ তিন পাট ব্যবসায়ী। এ সময় বিএসএফ নৌকায় থাকা পাটসহ পাঁচজনকে আটক করে নিয়ে যায়।

পরে বিষয়টি নিয়ে বিজিবির আলাইপুর ক্যাম্পের পক্ষ থেকে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। ৯ সেপ্টেম্বর বিকেলে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে জানানো হয়, তাৎক্ষণিকভাবে তাদের ফেরত দেওয়া হবে না; সরকারি প্রক্রিয়ায় আবেদন করে তাদের দেশে ফিরিয়ে আনতে হবে।

আটক পাঁচজন হলেন বাঘা উপজেলার আলাইপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে মোশারফ হোসেন (২২), ইউনুস মন্ডলের ছেলে শাহাবুল আলী (৪২), শাজাহান আলীর ছেলে বাবর আলী (৪৫), একই এলাকার নৌকার মাঝি জামাল হোসেনের ছেলে আসাদুল ইসলাম (৪১) এবং সামাদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৫৮)।

আটক মোশারফ হোসেনের বাবা গোলাম মোস্তফা বলেন, সংসদ সদস্য ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে কথা বলেছেন। দুই-এক দিনের মধ্যে পাঁচজনকে দেশে ফিরিয়ে আনা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

আসাদুল ইসলামের ভাই সাহারুল ইসলাম বলেন, খোঁজ নিয়ে তারা জানতে পেরেছেন, আটক পাঁচজনকে ভারতের রানীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

আলাইপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মাকসুদুর রহমান বলেন, বিএসএফের সঙ্গে যোগাযোগ হয়েছে। বিষয়টি কূটনৈতিক বা প্রশাসনিক প্রক্রিয়ায় নেওয়ার জন্য তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পেয়েছে। এ কারণে তাৎক্ষণিকভাবে পাঁচজনকে ফেরত আনা সম্ভব হয়নি।

এ বিষয়ে সংসদ সদস্য আবু সাঈদ চাঁদ বলেন, রাজশিয়ায় নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনারের সঙ্গে তার কথা হয়েছে। আটক ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিলে তাদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com