বুধবার (২৮ অক্টোবর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। আগের দিন মঙ্গলবার একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
তবে রাতের তাপমাত্রা কমলেও দিনের বেলায় গরমের অনুভূতি থাকছে। মঙ্গলবার বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ফলে দিনে গরম আর রাতে ঠান্ডা—এমন আবহাওয়ার মধ্য দিয়ে সময় কাটাচ্ছেন জেলার বাসিন্দারা।
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট এলাকার বাসিন্দা রুবেল ইসলাম বলেন, দিনের বেলায় রোদের কারণে বেশ গরম লাগে। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলেই ঠান্ডা বাতাস বইতে শুরু করে। রাতে ও ভোরে শীত বেশি অনুভূত হয়।
একই এলাকার বাসিন্দা মাসুস রানা বলেন, সকালে বাড়ি থেকে বের হলে ঠান্ডা বাতাস লাগে। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তাপে গরম অনুভূত হয়। দিনে গরম আর রাতে ঠান্ডা—এমন আবহাওয়ায় চলাফেরা করতে হচ্ছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েক দিন আকাশে মেঘ না থাকায় হিমালয় থেকে আসা বাতাসের প্রভাবে জেলায় তাপমাত্রা কমছে। শীত আসতে শুরু করেছে। তবে ৩১ অক্টোবর থেকে ১ নভেম্বরের মধ্যে বৃষ্টিবলয় কেটে গেলে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।