অনলাইন ডেস্কঃ আপসহীন নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেমেছে মানুষের ঢল। সকাল থেকেই সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের ভিড়ে পুরো এলাকা শোকাতুর জনসমুদ্রে পরিণত হয়। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার পর জিয়া উদ্যানসংলগ্ন জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশপথ খুলে দেওয়া হয়। এরপর বিভিন্ন দিক থেকে আগত মানুষের স্রোত দক্ষিণ প্লাজা এলাকায় প্রবেশ করতে থাকে। জানাজার আয়োজনের জন্য দক্ষিণ প্লাজার দুটি বড় মাঠ উন্মুক্ত রাখা হয়েছে। মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে সকাল থেকেই শোকাহত মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন জেলা থেকে ছুটে আসা মানুষের চোখেমুখে প্রিয় নেত্রীকে হারানোর গভীর বেদনা স্পষ্ট। নারায়ণগঞ্জ থেকে আসা শফিকুল ইসলাম বলেন, “বাড়িতে মন টেকেনি। নিজের খরচে চলে এসেছি নেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে।”
রংপুরের পীরগঞ্জ থেকে আসা সেলিম মিয়া ও শরিফুল ইসলাম বলেন, “এমন দেশপ্রেমিক ও সাহসী নেত্রী আবার পাওয়া যাবে কি না জানি না। তাই শেষ শ্রদ্ধা জানাতে এসেছি।” আজ দুপুর ২টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়। এদিকে জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে ২৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, এভারকেয়ার হাসপাতাল, জাতীয় সংসদ ভবন ও জিয়া উদ্যান এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।