বগুড়া–৭ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর মনোনীত প্রার্থী ও দলের প্রয়াত চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–র দাখিল করা মনোনয়নপত্র সংক্রান্ত সব কার্যক্রম শেষ ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে জেলা প্রশাসন এ সিদ্ধান্ত জানায়।
বগুড়া জেলার রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তাঁর মনোনয়নপত্র নিয়ে আইনগতভাবে আর কোনো কার্যক্রম চালানো সম্ভব নয়। এ কারণে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিষ্পত্তি করা হয়েছে।
তিনি আরও জানান, বগুড়া–৭ আসনে দাখিল করা চারটি মনোনয়নপত্রের মধ্যে একটি বাতিল হয়েছে। দলীয় মনোনয়নপত্রে সভাপতি ও মহাসচিবের স্বাক্ষর না থাকায় বাংলাদেশ মুসলিম লীগ–এর প্রার্থী আনছার আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়।
এই আসনে বর্তমানে বৈধ প্রার্থী হিসেবে রয়েছেন— বিএনপির মোরশেদ মিলটন, বাংলাদেশ জামায়াতে ইসলামী–র গোলাম রব্বানী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ–এর শফিকুল ইসলাম।
এদিকে বগুড়া–৬ (সদর) আসনে মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে দুই প্রার্থীর মনোনয়ন বৈধ এবং তিনজনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।
শনিবার সকালে যাচাই–বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রে কোনো অনিয়ম পাওয়া যায়নি। ফলে তাঁদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, বিভিন্ন ত্রুটির কারণে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। সম্পদের বিবরণী জমা না দেওয়ায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)–এর প্রার্থী দিলরুবা নূরীর মনোনয়ন বাতিল করা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার সনদ দাখিল না করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু নুমান মো. মামুনুর রশিদের মনোনয়ন গ্রহণযোগ্য হয়নি।
এ ছাড়া অসম্পূর্ণ হলফনামা দাখিলের কারণে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)–এর প্রার্থী আব্দুল্লাহ আল ওয়াকির মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।