দেশের সুন্দর ভবিষ্যৎ গড়তে তরুণদের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, দেশের নীতিনির্ধারণে অংশ নেওয়ার জন্য আমাদের যুবসমাজ এখন পুরোপুরি প্রস্তুত। ঢাকার একটি পার্কে তরুণ কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গে আড্ডা দিয়ে এমন উপলব্ধির কথা ফেসবুকে জানিয়েছেন তিনি। বিস্তারিত রিপোর্টে।
মঞ্চ নয়, ব্যারিকেড নয়—খোলা আকাশের নিচে তারুণ্যের আড্ডায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার জাস্টিস শাহাবুদ্দিন পার্কে তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও চিন্তাশীল তরুণদের সঙ্গে এক প্রাণবন্ত আলোচনায় অংশ নেন তিনি।
পরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তারেক রহমান লেখেন, তরুণদের সাথে কথা বলে বুঝেছেন তারা আসলে কেমন নতুন ধরনের রাজনীতি চায়।
‘আমার ভাবনায় বাংলাদেশ’ রিল প্রতিযোগিতায় অংশ নেওয়া দেশের নানা প্রান্তের তরুণদের ভাবনা তাকে মুগ্ধ করেছে। শিক্ষা, কর্মসংস্থান, পরিবেশ রক্ষা, নারীর ক্ষমতায়ন এবং দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্নে তরুণদের ভাবনা ছিল দারুণ শক্তিশালী।
তারেক রহমান উল্লেখ করেন, এই প্রতিযোগিতায় ২২০০-রও বেশি রিল জমা পড়েছে। আগামীর বাংলাদেশ গড়তে তরুণদের নেতৃত্ব দেওয়ার পথ সুগম করার ওপর জোর দেন বিএনপির এই শীর্ষ নেতা।