রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ৩১ জানুয়ারি ‘প্রতিবাদী সমাবেশ’ করতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ। ঢাকায় এটাই প্রথমবার, যখন দলটি বড় পরিসরে নারী নেতা–কর্মীদের সমাবেশের উদ্যোগ নিচ্ছে।
মঙ্গলবার (২৭জানুয়ারী) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এ কর্মসূচির ঘোষণা দেন। তিনি বলেন, সারাদেশে নির্বাচনী প্রচারে জামায়াতের মহিলা বিভাগের নেতা–কর্মীদের ওপর যে ‘হামলা–হেনস্তা ও ভয়ভীতি’ চলছে, তার প্রতিবাদেই এই সমাবেশ হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশের মাধ্যমে রাজধানীতে প্রথমবার বড় আকারে নারী সমর্থকদের জমায়েত করতে চায় জামায়াত। নির্বাচনপূর্ব পরিস্থিতি নিয়েও সেখানে বক্তব্য রাখা হবে।
তাহের অভিযোগ করেন, বিএনপির নেতা–কর্মীরাই জামায়াতের মহিলা বিভাগের সদস্যদের ওপর হামলা চালাচ্ছেন। তিনি বলেন, ‘নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু রাজনৈতিক কারণে নারীদের ওপর হামলা চলছে।’
আরপিও অনুযায়ী রাজনৈতিক দলে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্বের বাধ্যবাধকতার কথা উল্লেখ করে তাহের দাবি করেন, একমাত্র জামায়াতই এ শর্ত পূরণ করেছে। তাঁর ভাষায়, ‘সারা দেশে জামায়াতের নারী সমর্থক বেশি, ভোটও বেশি।’
সংগঠনের আরও কয়েকজন নেতার অভিযোগ, মহিলা বিভাগের কার্যক্রম আওয়ামী লীগ ও বিএনপির প্রচারণাকে চ্যালেঞ্জ করছে বলে প্রতিপক্ষরা নারীদের ওপর হামলা ও ভয়ভীতি প্রদর্শনের পথ নিচ্ছে।
অন্যদিকে, নিয়োগ ও ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসে ছাত্রশক্তির নেতাদের জড়িত থাকার অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেওয়ায় রংপুর মহানগর ছাত্রশক্তির সংগঠক নাহিদ হাসান খন্দকারকে গত মঙ্গলবার বহিষ্কার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ওলিউল্লাহ নোমান প্রমুখ।