দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেওয়ায় সুনামগঞ্জ বিএনপির ১৪ নেতাকর্মীকে বহিষ্কার করেছে দলটি। মঙ্গলবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অভিযোগ রয়েছে, আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করছিলেন তারা। বিস্তারিত রিপোর্টে।
নির্বাচনের আগে দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে বিএনপি। সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে এবার সুনামগঞ্জ জেলা বিএনপির অধীন বিভিন্ন ইউনিটের ১৪ জন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমদ মিলন ও সদস্য অ্যাডভোকেট আব্দুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাদের সব পর্যায়ের পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়া হয়।
বহিষ্কৃতদের তালিকায় রয়েছেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আ.স.ম. খালিদ, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আমিরুল হকসহ সদর, বিশ্বম্ভরপুর ও বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ নেতারা।
জেলা বিএনপি সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার কারণেই এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কারাদেশের অনুলিপি কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হয়েছে। নির্বাচনের ঠিক আগমুহূর্তে দলের এই কঠোর বার্তা বিদ্রোহী ও শৃঙ্খলাভঙ্গকারীদের জন্য এক সতর্কবার্তা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।