ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলায় শাশুড়ি জ্যোৎস্না রানী হত্যা মামলায় জামাতা সুজিত শীলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।
বুধবার (১৩ মে) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক ফারজানা আহমেদ এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামি সুজিত শীল (৪২) ফুলপুর উপজেলার চনিয়া মোড় এলাকার অবলিশ শীলের ছেলে।
মামলার নথি অনুযায়ী, সুজিত শীলের সঙ্গে তার স্ত্রী ইতি রানী শীল ও শাশুড়ি জ্যোৎস্না রানীর দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে ২০২১ সালের ৬ অক্টোবর রাতে তিনি ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী ও শাশুড়ির ওপর হামলা চালান।
হামলায় গুরুতর আহত অবস্থায় জ্যোৎস্না রানী পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত ইতি রানী শীলকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় নিহতের মেয়ে সন্ধ্যা রানী শীল হালুয়াঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ সুজিত শীলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।
মামলার বিচারিক কার্যক্রমে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত রায় ঘোষণা করেন।
ময়মনসিংহ আদালতের পরিদর্শক পিএসএম মোস্তাছিনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।
রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের আইনজীবীরা মামলাটি পরিচালনা করেন।