রংপুরের বদরগঞ্জ উপজেলায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নারী ও কিশোরসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনা, বজ্রপাত, আত্মহত্যা, অসুস্থতা ও রহস্যজনক মৃত্যুর পৃথক ঘটনায় প্রাণহানির এই ঘটনায় পুরো উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (২৯ জুন) সকালে উপজেলার রাধানগর ইউনিয়নের দিলালপুর ডাঙ্গাপাড়া গ্রামে বজ্রপাতে ফেরদৌস আলী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির সময় তিনি একটি ঘরে অবস্থান করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
একই দিনে পৌর শহরের শাহাপুর গ্রামে মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে নিলয় (১৭) নামে এক কিশোর। এছাড়া বিষ্ণুপুর ইউনিয়নের পশ্চিম খাগড়াবন্দ গ্রামে মাঠে গরু নিয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে মারা যান জাহিদুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি।
এর আগে রোববার সকালে উপজেলার উত্তর মোকসেদপুর ধাপপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারায় নাঈম ইসলাম (১৫)। স্থানীয়দের ভাষ্যমতে, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নিহত হয় সে। নাঈম ওই এলাকার আব্দুল হান্নানের ছেলে।
একই দিন দামোদরপুর ইউনিয়নের গোপালপুর ডাঙ্গাপাড়া গ্রামে বসতঘর থেকে হৃদয় বাবু (২৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। কয়েক ঘণ্টা পর কুতুবপুর ইউনিয়নের নাটারাম নয়াপাড়া গ্রামে স্বামীর বাড়ি থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পারভীন (১৯) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, পৃথক এসব ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনটি ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বাকি তিনটি ঘটনার মধ্যে দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং অপর একটি মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। রহস্যজনক মৃত্যুর ঘটনাগুলোর বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
একদিনে ছয়জনের মৃত্যুর ঘটনায় বদরগঞ্জের বিভিন্ন এলাকায় শোকের আবহ বিরাজ করছে। নিহতদের পরিবার ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী এমন ধারাবাহিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।