বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন

ওমানের শ্রমবাজার খোলার খবর গুজব, সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

  • সবশেষ আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৬৫ জন সংবাদটি দেখেছেন

ওমানের শ্রমবাজার খুলে গেছে, ব্যাপকভাবে নতুন ভিসা দেওয়া হচ্ছে কিংবা ‘ফ্রি ভিসা’ চালু হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে গুজব ও বিভ্রান্তিকর বলে সতর্ক করেছে মাস্কাটে বাংলাদেশ দূতাবাস। এসব প্রচারণায় বিশ্বাস করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে অর্থ লেনদেন না করারও আহ্বান জানানো হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ভিসাসংক্রান্ত এক সচেতনতামূলক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ দূতাবাস জানায়, ওমান সরকার এখন পর্যন্ত বাংলাদেশি কর্মী নিয়োগ, নতুন করে ভিসা ইস্যু কিংবা শ্রমবাজার উন্মুক্ত করার বিষয়ে কোনো ঘোষণা দেয়নি।

সম্প্রতি ওমানি এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের একটি বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ওমানের শ্রমবাজার খুলে গেছে’, ‘ব্যাপক ভিসা চালু হয়েছে’ এবং ‘ফ্রি ভিসা দেওয়া হচ্ছে’ এমন বিভিন্ন প্রচারণা ছড়িয়ে পড়েছে। বিষয়টি নজরে আসার পর এ বিষয়ে অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, ওমানি এগ্রিকালচারাল অ্যাসোসিয়েশনের ওই বিজ্ঞপ্তি দেশটির সরকারের পক্ষ থেকে শ্রমবাজার উন্মুক্ত করার কোনো ঘোষণা নয়। সেখানে আল ধাহিরাহ অঞ্চলে কৃষি শ্রমিকের চাহিদা নিরূপণের কথা বলা হয়েছে। প্রয়োজন হলে শুধু ওই অঞ্চলে কৃষিকাজের জন্য সীমিত পরিসরে ভিসা অনুমোদনের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

তবে এ পর্যায়ে কর্মী নিয়োগ, ভিসা ইস্যু কিংবা সামগ্রিক শ্রমবাজার খুলে দেওয়ার কোনো সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

বর্তমানে ওমান সরকার শ্রমবাজার পুনর্বিন্যাস এবং ‘ওমানাইজেশন’ নীতির আওতায় বিদেশি কর্মী নিয়োগে বিভিন্ন বিধিনিষেধ কার্যকর রেখেছে। এ পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্যের সুযোগ নিয়ে প্রতারক চক্র সক্রিয় হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এ কারণে ‘ফ্রি ভিসা’ বা নতুন ভিসা পাইয়ে দেওয়ার কথা বলে কোনো ব্যক্তি, দালাল কিংবা প্রতিষ্ঠানের কাছে অর্থ প্রদান না করতে প্রবাসী ও ওমানে যেতে আগ্রহী বাংলাদেশিদের সতর্ক করেছে দূতাবাস।

ওমানে কর্মসংস্থান ও ভিসাসংক্রান্ত তথ্যের ক্ষেত্রে বাংলাদেশ দূতাবাস, মাস্কাট; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়; জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং ওমান সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সূত্র থেকে তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ওমানের শ্রমবাজার ও ভিসাসংক্রান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এ বিষয়ে নতুন কোনো সিদ্ধান্ত বা অগ্রগতি হলে দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজ ও ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে।

একই সঙ্গে গুজবে কান না দিয়ে সরকারি ও নির্ভরযোগ্য সূত্রের তথ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com