দায়িত্ব গ্রহণের ছয় মাস বা ১৮০ দিন পূর্ণ করছে বিএনপি সরকার। এ উপলক্ষে সোমবার (১৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সভায় সরকারের গত ছয় মাসের কার্যক্রম ও উল্লেখযোগ্য অর্জনের পাশাপাশি আগামী দিনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হবে।
সোমবার বেলা ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে সভাটি শুরু হওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
সভায় সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
এতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, রাজনৈতিক ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর উপস্থিত থাকার কথা রয়েছে।
এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহিদ উর রহমান, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়াল এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা সভায় অংশ নেবেন।
বিশেষ এই মতবিনিময় সভায় সরকার দায়িত্ব গ্রহণের পর গত ১৮০ দিনে বিভিন্ন খাতে নেওয়া উদ্যোগ ও কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরা হবে। সরকারের উল্লেখযোগ্য অর্জন, বাস্তবায়িত ও চলমান কর্মসূচি এবং বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
একই সঙ্গে আগামী দিনে সরকারের অগ্রাধিকার, উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। সরকারের ছয় মাসের কার্যক্রম মূল্যায়নের পাশাপাশি পরবর্তী সময়ের লক্ষ্য ও পরিকল্পনাও সভায় তুলে ধরা হবে।