বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

প্রবাসীদের সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে: প্রতিমন্ত্রী নুর

  • সবশেষ আপডেট : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ জন সংবাদটি দেখেছেন

প্রবাসীদের নানা সমস্যা সমাধান ও তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি বলেছেন, অভিবাসন ব্যয় কমানো এবং প্রবাসীদের সার্বিক কল্যাণ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

রোববার (৬ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধিতে দেওয়া এক মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এসব কথা বলেন।

‘সৌদিসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রবাসীদের সমস্যা সমাধান প্রসঙ্গে’ মনোযোগ আকর্ষণ নোটিশটি উত্থাপন করেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য মো. মোবাশ্বের আলম ভূঁইয়া।

ই-পাসপোর্ট থেকে অপহরণ—সংসদে উঠে এলো নানা সমস্যা

নোটিশে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, ‘প্রবাসীরা আমাদের অর্থনীতির প্রধান চালিকাশক্তি। তাদের পাঠানো রেমিট্যান্স দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সমৃদ্ধ করে। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজ তারা নানা হয়রানি ও জটিলতার সম্মুখীন। এসব সমস্যা নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি।’

ই-পাসপোর্টের জটিলতা তুলে ধরে তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) অথবা জন্মনিবন্ধনের তথ্যের সামান্য অসঙ্গতির কারণে অনেক প্রবাসীর পাসপোর্ট আটকে যাচ্ছে। এতে আকামা নবায়ন ও ব্যাংকিং সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে সমস্যায় পড়ছেন তারা। এ সংকট নিরসনে দূতাবাসগুলোতে বিশেষ ই-পাসপোর্ট সেল গঠন এবং আগের এমআরপি পাসপোর্টের ধারাবাহিকতা রেখে নবায়নের সুবিধা দেওয়ার প্রস্তাব করেন তিনি।

সৌদি আরবে প্রবাসীদের অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগের প্রসঙ্গ তুলে সংসদ সদস্য মোবাশ্বের আলম বলেন, এ ধরনের অপরাধ দমনে বাংলাদেশ দূতাবাস ও সংশ্লিষ্ট দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

প্রতারণার শিকার প্রবাসী ও ব্যবসায়ীদের দ্রুত আইনি সহায়তা এবং ক্ষতিপূরণ নিশ্চিত করার পাশাপাশি দেশের আদালতগুলোতে তাদের জন্য সরকারি আইনি সহায়তার ব্যবস্থারও দাবি জানান তিনি।

অভিবাসন ব্যয় কমানোর দাবি

বিদেশে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণে দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্ব দিয়ে মোবাশ্বের আলম বলেন, পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মী বিদেশে পাঠাতে হবে।

একই সঙ্গে বিদেশগামী কর্মীদের মেডিকেল পরীক্ষায় অনিয়ম ও ‘ফিট-আনফিট বাণিজ্য’ বন্ধে কঠোর নজরদারি, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি বন্ধ, লাইসেন্স ও অনুমোদনবিহীন রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং সেবার মান আরও স্বচ্ছ ও দ্রুত করার দাবি জানান তিনি।

অতিরিক্ত অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণের দাবি জানিয়ে তিনি বলেন, বিদেশ যেতে ছয় থেকে সাত লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত ব্যয়ের চাপ কমিয়ে সরকারিভাবে নির্দিষ্ট ও যুক্তিসংগত ফি নির্ধারণ করা প্রয়োজন, যাতে কর্মীদের বিনিয়োগ করা অর্থ তুলতে বছরের পর বছর না লাগে।

এ ছাড়া বিপদে পড়া প্রবাসীদের দ্রুত আইনি ও প্রশাসনিক সহায়তা দিতে দূতাবাসগুলোকে আরও জবাবদিহির আওতায় আনা এবং অসুস্থ প্রবাসীদের চিকিৎসা ও বিদেশে মারা যাওয়া প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা জোরদারের দাবি জানান তিনি।

‘প্রবাসীরা বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর’

নোটিশের জবাবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ‘প্রবাসীরা বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। দেশের অর্থনীতি ও সামগ্রিক উন্নয়নে তাদের ভূমিকা অনস্বীকার্য। দেশের কর্মক্ষম বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে সরকার কাজ করছে। বিদেশ গমনেচ্ছুদের দক্ষতা বৃদ্ধিকেও সরকার গুরুত্ব দিচ্ছে।’

তিনি বলেন, ‘অভিবাসন ব্যয় কমানোসহ প্রবাসীদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। বর্তমানে ২৭টি দেশে ৩০টি শ্রমকল্যাণ উইং রয়েছে, যারা প্রবাসীদের সেবায় নিয়োজিত।’

প্রতিমন্ত্রী জানান, ১১টি দেশের ১৩টি কনস্যুলেটে ২২টি ল’ ফার্ম রয়েছে। বিপদগ্রস্ত প্রবাসীদের বিভিন্ন সমস্যায় এসব প্রতিষ্ঠান আইনি সহায়তা দিয়ে থাকে।

এ ছাড়া সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা এবং ওমানে নারী প্রবাসীদের সহায়তায় তিনটি সেফ হোম রয়েছে বলেও জানান তিনি।

প্রবাসীদের কল্যাণে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড

নুরুল হক নুর বলেন, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড বিদেশে অসুস্থ প্রবাসীদের চিকিৎসা সহায়তা, দেশে থাকা তাদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি, প্রতিবন্ধী সদস্যদের সহায়তা এবং বিদেশে মৃত্যুবরণকারী প্রবাসীদের মরদেহ দেশে আনাসহ বিভিন্ন ধরনের সহায়তা দিয়ে থাকে।

প্রতারণার অভিযোগ পাওয়া গেলে সালিশি-মধ্যস্থতার পাশাপাশি প্রয়োজনীয় আইনি সহায়তাও দেওয়া হয় বলে জানান প্রতিমন্ত্রী।

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ইরান-ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে প্রায় চার হাজার বাংলাদেশির ভিসা বাতিল হয়েছে। অনেকের সেখানে ব্যবসা ও দোকানপাট রয়েছে। বিষয়টি কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা চলছে।’

প্রবাসীদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করার চেষ্টা করা হবে জানিয়ে নুরুল হক নুর বলেন, ‘পাসপোর্টের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এবং দূতাবাসসংক্রান্ত বিষয় সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। তবে সামগ্রিকভাবে তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে প্রবাসীদের সমস্যার সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে।’

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com