আরএনবি অনলাইন ডেস্কঃ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান–এর কবরের পাশেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া–কে দাফন করা হতে পারে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে জিয়াউর রহমানের কবরের পাশেই খালেদা জিয়ার দাফনের বিষয়টি বিবেচনায় রয়েছে। এর আগে মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতাল–এ চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। এ ছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন খালেদা জিয়া। হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। বারবার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে হয়েছে তাকে। ২০২৪ সালের জুলাই–আগস্টে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর ৬ আগস্ট খালেদা জিয়া মুক্তি পান। পরে উন্নত চিকিৎসার জন্য চলতি বছরের ৭ জানুয়ারি তিনি লন্ডনে যান। সেখানে প্রায় চার মাস চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। তবে বয়সজনিত জটিলতা ও দীর্ঘদিনের অসুস্থতার কারণে তার শারীরিক অবস্থা ক্রমেই দুর্বল হয়ে পড়ে। সবশেষ গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক মাসেরও বেশি সময় চিকিৎসাধীন থাকার পর তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। খালেদা জিয়ার জানাজা ও দাফন নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত পরে জানানো হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।