সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর কবর জিয়ারত করতে জিয়া উদ্যানে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকেই বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা দলীয় ব্যানার নিয়ে সেখানে উপস্থিত হচ্ছেন।
এর আগে সকালে খালেদা জিয়ার নাতনি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান এবং তাঁর ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শমিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা কবর জিয়ারত করেন। এ সময় স্বল্প সময়ের জন্য সাধারণ মানুষের প্রবেশ বন্ধ রাখা হলেও পরে কবর প্রাঙ্গণ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
কবর জিয়ারত করতে আসা নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অনেকে ফুল অর্পণ করছেন, কেউ কেউ দোয়া ও মোনাজাতে অংশ নিচ্ছেন।
খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশের তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে দেশের সব মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। জুমার নামাজের পর তাঁর রুহের মাগফিরাত কামনায় মসজিদগুলোতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর (বুধবার) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মান হিসেবে তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।