আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে নবী করিম (সা.)-এর ন্যায়পরায়ণতার আদর্শে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত দলের প্রথম নির্বাচনী জনসভায় এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় রয়েছে। দেশে ও বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছে, তাদের বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। তিনি বলেন, দেশের মানুষ অতীতেও ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবিলা করেছে এবং আগামীতেও জনগণ সব ষড়যন্ত্র রুখে দেবে।
তিনি আরও বলেন, উন্নয়নের নামে কীভাবে দেশের মানুষের সম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়েছে, তা সবাই দেখেছে। এই পরিস্থিতির পরিবর্তন আনতেই বিএনপি কাজ করতে চায়। এ জন্য জনগণকে ধানের শীষের পাশে থাকার আহ্বান জানান তিনি। কৃষকদের অধিকার রক্ষার কথাও তুলে ধরে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান।
গত ১৫-১৬ বছরে বাংলাদেশকে অন্য দেশের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। এ প্রসঙ্গে তিনি বলেন, তিনি আগেও বলেছেন—দিল্লি নয়, পিন্ডি নয়; সবার আগে বাংলাদেশ। পাশাপাশি ‘টেক ব্যাক বাংলাদেশ’ আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, এই আন্দোলনের অর্ধেক পথ ইতোমধ্যে অতিক্রম করা হয়েছে। স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে, যা ১২ ফেব্রুয়ারি ধানের শীষের বিজয়ের মধ্য দিয়ে আরও শক্তিশালী হবে।
নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে খাল খননসহ উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের কথা জানান তারেক রহমান। এ সময় উপস্থিত জনতাকে সঙ্গে নিয়ে তিনি স্লোগান দেন—‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।
বক্তব্যের শেষভাগে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন, ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করতে পারলে নবী করিম (সা.)-এর ন্যায়পরায়ণতার ভিত্তিতেই দেশ পরিচালনা করা হবে।