খুলনার পাইকগাছায় ঘন ঘন লোডশেডিংয়ে ক্ষিপ্ত হয়ে পল্লী বিদ্যুৎ অফিসে বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। পরে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
শনিবার (২৫ এপ্রিল) বিকেলে মোবাইল ফোনে পাইকগাছা জোনাল অফিসের ডিজিএম রঞ্জন কুমার সরকারকে ফোন করে বোমা মেরে অফিস উড়িয়ে দেওয়ার হুমকি দেন দেবজ্যোতি চক্রবর্তী নামে এক যুবক।
ঘটনার পর রাত ৯টার দিকে পৌরসভার বাজার এলাকা থেকে তাকে আটক করে পুলিশ। পরদিন রোববার (২৬ এপ্রিল) সকালে তিনি ভুল স্বীকার করে মুচলেকা দিলে তাকে ছেড়ে দেওয়া হয়।
ডিজিএম রঞ্জন কুমার সরকার জানান, এলাকায় বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে বড় ধরনের ঘাটতি রয়েছে। “২৪ ঘণ্টায় ১৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলেও বরাদ্দ মাত্র ৩ মেগাওয়াট। ৬ ঘণ্টা পরপর ১ মেগাওয়াট করে সরবরাহ দেওয়া হচ্ছে। এর বাইরে আমাদের কিছু করার নেই,” বলেন তিনি।
বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ড সংশ্লিষ্ট এ অফিস থেকে থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়েছে।
পাইকগাছা থানার ওসি গোলাম কিবরিয়া জানান, “হুমকিদাতা দেবজ্যোতিকে আটক করা হয়েছিল। সে নিজের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে মুচলেকা দেওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”বিদ্যুৎ সংকটকে কেন্দ্র করে স্থানীয়ভাবে ক্ষোভ বাড়লেও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক রয়েছে প্রশাসন।