ক্রীড়া, সংস্কৃতি ও বিষয়ভিত্তিক ২১টি ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ের বিজয়ী শিক্ষার্থীদের হাতে ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন।
অনুষ্ঠানের শুরুতে গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে অনুষ্ঠানস্থলের বাইরে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিয়ে তিনি পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘ছোট্ট বন্ধুরা, তোমরা প্রতি বছর অন্তত একটি করে গাছ রোপণ করার চেষ্টা করবে। সেটি স্কুলে হোক কিংবা বাসার আশপাশে। একটি গাছ মানুষের কত উপকার করে, কত অক্সিজেন উৎপাদন করে, পরিবেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ—এসব বিষয় নিয়ে তোমরা ইন্টারনেট থেকে জেনে গবেষণা করবে।’
তিনি বলেন, ‘প্রতি বছর একটি নতুন গাছ সম্পর্কে জানার চেষ্টা করবে। স্কুলে লাগানো গাছ বড় হলে তা তোমাদের ছায়া দেবে, বিশ্রামের জায়গা হবে। বাসার আশপাশে গাছ লাগালে পরিবেশ সুন্দর হবে, বাতাস নির্মল হবে এবং চারপাশ শীতল থাকবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আজ একটি স্মরণীয় দিন। আমরা সবাই মিলে বাংলাদেশের মাটিতে একসঙ্গে অনেক গাছ রোপণ করেছি।’
সরকারের নির্বাচনী ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে শিশুদের প্রতিভা, সৃজনশীলতা ও মননশীলতার বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায় পেরিয়ে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ প্রতিযোগিতায় দেশের বিভিন্ন বিদ্যালয়ের ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৬৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়। বিভিন্ন ধাপ শেষে নির্বাচিত জাতীয় পর্যায়ের সেরা শিক্ষার্থীদের ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’ প্রদান করা হয়েছে।