কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোকবার্তা কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে হস্তান্তর করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম, এমপি।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার কাতারের লুসাইল আমিরি প্রাসাদে আয়োজিত রাষ্ট্রীয় শোকবার্তা গ্রহণ অনুষ্ঠানে স্পিকার প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে শোকবার্তা হস্তান্তর করেন।
এ সময় স্পিকার বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে কাতারের আমির এবং শোকসন্তপ্ত রাজপরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি তিনি প্রয়াত শেখ হামাদ বিন খলিফা আল থানির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
স্পিকার বলেন, আধুনিক কাতারের স্থপতি হিসেবে পরিচিত শেখ হামাদ বিন খলিফা আল থানি দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে কাতারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একই সঙ্গে বাংলাদেশ ও কাতারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতেও তার অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও বিশেষ দূত হুমায়ুন কবির এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান উপস্থিত ছিলেন।
শোকবার্তা হস্তান্তরের পর স্পিকার কাতারের শূরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এর আগে মঙ্গলবার এক সংক্ষিপ্ত সরকারি সফরে স্পিকার দোহায় পৌঁছান। হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খান এবং কাতারের আমির-ই-দিওয়ানের প্রতিনিধি।
উল্লেখ্য, কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় শোক পালন করছে। শোক পালনের অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।