নগরীর যানজট কমানো এবং জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে বিশেষ ট্রাফিক অভিযান পরিচালনা করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।
পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)-এর তত্ত্বাবধানে নগরীর মেডিকেল মোড় ও বাংলাদেশ ব্যাংক মোড় এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে সড়কে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন অবৈধভাবে দাঁড় করিয়ে রাখা যানবাহন অপসারণ, ফুটপাত দখলমুক্তকরণ এবং পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
এ সময় মেডিকেল মোড়ের বাম পাশে মসজিদসংলগ্ন এলাকায় অবস্থানরত কয়েকটি ভ্রাম্যমাণ দোকানকে সতর্ক করে স্থান ত্যাগের নির্দেশ দেওয়া হয়।
একই সঙ্গে অনিবন্ধিত, ঝুঁকিপূর্ণ এবং ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ট্রাফিক বিভাগ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, “নগরবাসীর নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও স্বস্তিদায়ক সড়ক ব্যবস্থা নিশ্চিত করতে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। অবৈধ দখল, অনিবন্ধিত ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত চলবে। নগরবাসীর সহযোগিতাই একটি নিরাপদ ও যানজটমুক্ত রংপুর গড়ে তোলার প্রধান শক্তি।”
রংপুর মেট্রোপলিটন পুলিশ নগরবাসীকে ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত স্থানে যানবাহন পার্কিং করা এবং ফুটপাত দখলমুক্ত রাখতে সচেতন সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।