মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও অঙ্গীকার ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। সরকার দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ মাস হয়েছে, তবে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণে সরকার বদ্ধপরিকর।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মুগ্ধসহ প্রায় দুই হাজার মানুষ রক্ত দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। তাদের আত্মত্যাগের মূল্যায়ন করতে সরকার জুলাই চেতনা বাস্তবায়নে কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ‘জুলাই অধিদপ্তর’ প্রতিষ্ঠা করা হয়েছে। এই অধিদপ্তরের মাধ্যমে জুলাইয়ের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে।”
তিনি আরও বলেন, “যেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসুক, তাকে জুলাই চেতনা ধারণ করতে হবে। আমরা ক্ষমতায় আসিনি, দায়িত্বে এসেছি। আমরা শাসক নই, জনগণের সেবক।”
আহমেদ আযম খান বলেন, প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই আইনের শাসন প্রতিষ্ঠা, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং রাষ্ট্রীয় সম্পদের সাশ্রয় নিশ্চিত করতে কাজ করছেন। রাষ্ট্রকে নিজের সম্পদ মনে করে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
রংপুরের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, “রংপুর আর বঞ্চিত থাকবে না। এখানে শিল্প-কারখানা গড়ে উঠবে, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। ইতোমধ্যে সরকার এ অঞ্চলের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। ধীরে ধীরে রংপুর একটি আলোকিত অঞ্চলে পরিণত হবে।”
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন নিয়েও আশ্বাস দেন তিনি। মন্ত্রী বলেন, শহীদ আবু সাঈদের নামে হল, গেটসহ প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে যা যা প্রয়োজন, তা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
এ সময় তিনি উল্লেখ করেন, শহীদ আবু সাঈদের বাবা মকবুল হোসেন রংপুরে শিল্পায়ন ও কর্মসংস্থানের দাবি জানিয়েছেন। সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলেও জানান তিনি।