ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন এক প্রেমিক-প্রেমিকা। তবে শেষ মুহূর্তে পরিকল্পনা বদলে যায়। প্রেমিক যমুনা নদীতে ঝাঁপ দিলেও প্রেমিকা সেতু থেকেই চলে যান। পরে পুলিশ ও স্থানীয় ডুবুরিদের অভিযানে যুবককে জীবিত উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৬ জুলাই) নিউ যমুনা ব্রিজে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ তথ্য জানিয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া যুবকের নাম আনু গুপ্তা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, যুগলটি আত্মহত্যার উদ্দেশ্যে সেতুতে গিয়েছিলেন। সেখানে কিছুক্ষণ কথা বলার পর আনু গুপ্তা যমুনা নদীতে ঝাঁপ দেন।
তবে তার সঙ্গে থাকা তরুণী নদীতে ঝাঁপ না দিয়ে সেতুতে দাঁড়িয়ে ঘটনাটি দেখেন। পরে তিনি শান্তভাবে ঘটনাস্থল ত্যাগ করেন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। বেশ কিছুক্ষণ চেষ্টা চালিয়ে আনু গুপ্তাকে জীবিত উদ্ধার করা হয়।
প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে তিনি নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি, যুবকের সঙ্গে থাকা তরুণীর পরিচয় শনাক্ত এবং তাকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: ইন্ডিয়া টুডে