দ্বিতীয় বিবাহবার্ষিকীর আনন্দ উদযাপনের কয়েক ঘণ্টার মধ্যেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. সাকিব ইমন (২৬)। কক্সবাজারে মোটরসাইকেলের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজারের ঝিলংজা দরগাপাড়া স্টেশনের পূর্ব পাশে ট্রেনিং পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব ইমন বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের চরগ্রামের বাসিন্দা। তিনি সাবেক সেনাসদস্য কবির ডাকুয়ার একমাত্র ছেলে। দুই বছর আগে তার বিয়ে হয়েছিল নিঝুম ইমার (২২) সঙ্গে। তাদের কোনো সন্তান নেই।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মোটরসাইকেলে যাওয়ার সময় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলে গুরুতর আহত হন সাকিব ইমন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, দুর্ঘটনার কয়েক ঘণ্টা আগেই স্ত্রীকে নিয়ে দ্বিতীয় বিবাহবার্ষিকী উদযাপন করেছিলেন তিনি। পরিবারের সদস্যদের ভাষ্য, আনন্দঘন সেই মুহূর্তই ছিল তাদের একসঙ্গে কাটানো শেষ সময়।
সেনাসদস্যের মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো বাড়ির পরিবেশ।
বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সোমবার (২০ জুলাই) পরিবারের কাছে মৃত্যুর সংবাদ জানানো হয়। সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ময়নাতদন্ত শেষে ক্যান্টনমেন্টে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা সম্পন্ন করে হেলিকপ্টারযোগে মরদেহ বাগেরহাটে পাঠানো হবে।