দেশের ক্ষুদ্র উদ্যোগ অর্থায়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং খাতের অর্থ পৌঁছে দিতে ১১টি বাণিজ্যিক ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে ক্রেডিট গ্যারান্টি চুক্তি করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
সোমবার (২০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ‘ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিমস’-এর আওতায় পৃথক ১২টি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলো হলো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, প্রাইম ব্যাংক, এনসিসি ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ঢাকা ব্যাংক, মধুমতি ব্যাংক, সীমান্ত ব্যাংক এবং দ্য ইউএই-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড (ইউবিকো)।
এই চুক্তির ফলে ২০২৬-২৭ অর্থবছরে পিকেএসএফের সহযোগী সংস্থাগুলো ক্ষুদ্র উদ্যোগ অর্থায়নের জন্য সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে মোট ২ হাজার ৮০০ কোটি টাকার গ্যারান্টিযুক্ত ঋণ পাবে।
অনুষ্ঠানে পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের বলেন, স্বল্প আয়ের মানুষকে উদ্যোক্তায় পরিণত করার উদ্যোগকে সফল করতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে আনুষ্ঠানিকভাবে সম্পৃক্ত করার লক্ষ্যেই এই স্কিম চালু করা হয়েছে।
তিনি বলেন, এই স্কিমের আওতায় ব্যাংক থেকে ঋণ নিয়ে পিকেএসএফের সহযোগী সংস্থাগুলো ক্ষুদ্র উদ্যোক্তাদের মধ্যে তা বিতরণ করবে এবং ঋণের গ্যারান্টি দেবে পিকেএসএফ। পিকেএসএফের নিবিড় তদারকির ফলে ঋণের সঠিক ব্যবহার নিশ্চিত হবে।
তিনি আরও বলেন, অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়সংগত প্রবৃদ্ধি নিশ্চিত করতে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে পিকেএসএফের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ হাসান খালেদ এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর পক্ষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক বা উপ-ব্যবস্থাপনা পরিচালকরা চুক্তিতে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, ২০২৫ সালের ১ জুলাই আনুষ্ঠানিকভাবে পিকেএসএফের ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম চালু হয়। প্রথম বছরে ১০টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান এই কর্মসূচিতে যুক্ত হয়। এর মধ্যে ছয়টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠান ইতোমধ্যে ২৬টি সহযোগী সংস্থার মাধ্যমে ক্ষুদ্র উদ্যোগ অর্থায়নে মোট ১ হাজার ৮২ কোটি টাকা ঋণ বিতরণ করেছে।