রংপুরের তারাগঞ্জ উপজেলায় চিকলী নদীতে গোসল করতে নেমে সুলতান আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ফাজিলপুর ডাঙ্গারপাড়া গ্রামের চিকলী নদীতে এ ঘটনা ঘটে।
নিহত সুলতান আলী একই গ্রামের বাসিন্দা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে বাড়ির পাশের চিকলী সেতুর দক্ষিণ দিকে নদীতে গোসল করতে নামেন সুলতান আলী। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। বিষয়টি জানতে পেরে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দুটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলও অভিযানে যোগ দেয়।
দীর্ঘ অনুসন্ধানের পর সকাল ৯টা ২০ মিনিটে চিকলী সেতুর পূর্ব পাশের ঘাট এলাকা থেকে সুলতান আলীর মরদেহ উদ্ধার করা হয়।
তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার এস এম শরীফ আব্দুল্লাহ জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে।