দিনাজপুরের কাহারোল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে সাতজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ জুলাই) বিকেল থেকে প্রায় ছয় ঘণ্টাব্যাপী কাহারোল উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং থানা পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কাশিপুর গ্রামের আহমেদ আলীর ছেলে আশিক এলাহী (৩০) এবং হাতিশা গ্রামের রহমত আলীর ছেলে মিজানুর রহমানকে (৩৫) মাদক বিক্রি ও সেবনের দায়ে এক বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
এ ছাড়া নিজিয়া গ্রামের সাইরুল ইসলামের ছেলে মো. সাজু (১৮) এবং চণ্ডীপুর গ্রামের মৃত হৃদয় রায়ের ছেলে ধরনী রায়কে (২২) মাদক সেবনের অপরাধে ছয় মাস করে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
একই অপরাধে দৌলতপুর গ্রামের বিশু রায়ের ছেলে বাদশা রায় (২২) এবং নিজিয়া গ্রামের আনন্দ রায়ের ছেলে তমাল রায়কে (১৯) তিন মাস করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্যদিকে, নিজিয়া গ্রামের সুশীল রায়ের ছেলে সজিব রায়কে (২০) মাদকসেবীদের সঙ্গে অবস্থান ও সহযোগিতার অভিযোগে সাত দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
কাহারোল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকলেদা খাতুন মীমের নির্দেশনায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
অভিযান চলাকালে কাহারোল থানা পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতের আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে।