পঞ্চগড় সদর উপজেলায় ম্যাজিক চুলায় ভাত রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার চাকলাহাট ইউনিয়নের চাকলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাসিমা বেগম ওই এলাকার শহিম উদ্দীনের স্ত্রী।
নিহতের মেয়ে মাইশা আক্তার জানান, সকালে তিনি পড়াশোনা করছিলেন। এ সময় তার মা ম্যাজিক চুলায় ভাত রান্না করছিলেন। হঠাৎ একটি শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন, তার মা মেঝেতে পড়ে আছেন। পরে দ্রুত তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. সৌরভ জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় এক নারীকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, সুরতহাল শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।