গাইবান্ধায় পৃথক দুটি অভিযানে ২১৩ বোতল ফেনসিডিল-সমজাতীয় মাদকদ্রব্য এসকাফ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩। এ সময় তিনজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৩ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল ৫টা ৫৫ মিনিটে সিপিসি-৩, র্যাব-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামে অভিযান চালায়। এ সময় শ্রী শিপুল চন্দ্র মহন্তের বাড়ির সামনে চেকপোস্ট বসিয়ে একটি হিরো হোন্ডা প্যাশন প্রো ১০০ সিসি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ৬৫ বোতল এসকাফ উদ্ধার করা হয়।
অভিযানকালে ছোট দুর্গাপুর এলাকার শ্রী শিপুল চন্দ্র মহন্ত (৩৩) এবং ফকিরপাড়া এলাকার মো. আমিনুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করা হয়।
একই দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে গোবিন্দগঞ্জ উপজেলার বুনারপাড়া রোডের নাকাইহাট সাকসেস মডেল স্কুলের সামনে আরেকটি অভিযান চালায় র্যাব। সেখানে একটি অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ১৪৮ বোতল এসকাফ উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাশবাড়ী উপজেলার মুরারিপুর এলাকার মো. মাহাবুব আলম ওরফে ভুট্টোকে (৫০) গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে জব্দ করা আলামতসহ তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানিয়েছে, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।