ব্রাজিলের কিংবদন্তি ফুটবলাররা বিভিন্ন সময়ে ভারত সফর করলেও দল হিসেবে কখনো দেশটিতে খেলতে যায়নি সেলেসাওরা। তবে এবার সেই অপেক্ষার অবসান হতে পারে। চলতি বছরের অক্টোবরে ভারতে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
ব্রাজিলভিত্তিক সংবাদমাধ্যম ইএসপিএন ব্রাজিল জানিয়েছে, ‘সুপার ফিফা উইন্ডোর’ অংশ হিসেবে ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়াসহ ব্রাজিল দলের ভারত সফরের পরিকল্পনা চলছে।
প্রতিবেদন অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সফরে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। ম্যাচ দুটি অনুষ্ঠিত হওয়ার কথা ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে। এরপর অক্টোবরের শুরুতে এশিয়ায় আরও একটি ম্যাচ খেলতে আগ্রহী ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
এ নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে। তবে প্রতিপক্ষ কোন দল হবে, তা এখনো চূড়ান্ত হয়নি। সম্ভাব্য ভেন্যু হিসেবে কলকাতার নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। এছাড়া বাংলাদেশ, সিঙ্গাপুর ও কাতারেও ম্যাচ আয়োজনের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, ভারতের সঙ্গেই আলোচনা সবচেয়ে এগিয়ে রয়েছে।
২০২৬ বিশ্বকাপকে ঘিরে কলকাতায় তৈরি হওয়া ব্যাপক ফুটবল উন্মাদনাও ব্রাজিলের সম্ভাব্য সফরের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশ্বকাপ চলাকালে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় নেইমার, ভিনিসিয়ুস জুনিয়রসহ ব্রাজিলের তারকাদের গ্রাফিতি ও সাজসজ্জা ফুটবলপ্রেমীদের দৃষ্টি কাড়ে।
ভারতে ব্রাজিলিয়ান কিংবদন্তিদের উপস্থিতির ইতিহাসও বেশ সমৃদ্ধ। ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রের ক্লাব নিউইয়র্ক কসমসের হয়ে কলকাতার ইডেন গার্ডেন্সে মোহনবাগানের বিপক্ষে খেলেছিলেন কিংবদন্তি পেলে। সেই দলে ছিলেন বিশ্বকাপজয়ী অধিনায়ক কার্লোস আলবার্তোও। পরে ২০১৫ সালে আবারও ভারত সফরে আসেন পেলে। আর ২০২৩ সালে কলকাতা সফর করেন ব্রাজিলের আরেক কিংবদন্তি রোনালদিনহো।
এবার যদি আলোচনা সফল হয়, তবে ইতিহাসে প্রথমবারের মতো ব্রাজিল জাতীয় ফুটবল দলকে ভারতের মাটিতে খেলতে দেখার সুযোগ পাবেন দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীরা।