কক্সবাজারে প্যারাসেইলিং করার সময় নিরাপত্তা সরঞ্জাম থেকে ছিটকে সমুদ্রে পড়ে শৌভিক রয় নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।
শনিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকার সি-স্পোর্টস প্যারাসেইলিং পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শৌভিক রয়ের বাড়ি খুলনা জেলায়। তিনি নয় সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজার ভ্রমণে এসেছিলেন।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্যারাসেইলিং চলাকালে হঠাৎ তিনি নিরাপত্তা সরঞ্জাম থেকে ছিটকে সমুদ্রে পড়ে গুরুতর আহত হন। পরে সি-স্পোর্টস প্যারাসেইলিং কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর জেলা প্রশাসন, পর্যটন কর্তৃপক্ষ কিংবা সি-স্পোর্টস প্যারাসেইলিং কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।