বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন

জাফলং পর্যন্ত রেলপথ নির্মাণে সম্ভাব্যতা যাচাই শুরু

  • সবশেষ আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৭৩ জন সংবাদটি দেখেছেন

সিলেট থেকে দেশের অন্যতম পর্যটনকেন্দ্র জাফলং পর্যন্ত রেলপথ নির্মাণের উদ্যোগে প্রাথমিক প্রস্তুতি ও সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে। এ লক্ষ্যে রেলওয়ে মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে সম্ভাব্য রেলপথ এলাকা পরিদর্শন করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শনিবার (১ আগস্ট) বিকেলে মন্ত্রী বাসযোগে রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে জাফলং এলাকায় সম্ভাব্য রেলপথের রুট পরিদর্শন করেন।

পরিদর্শনকালে কর্মকর্তারা সম্ভাব্য রেললাইন নির্মাণের রুট সরেজমিনে ঘুরে দেখেন। পাশাপাশি প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক সম্ভাব্যতা, অবকাঠামোগত চ্যালেঞ্জ এবং প্রয়োজনীয় কারিগরি বিষয়গুলো পর্যালোচনা করেন।

পরিদর্শন দলে ছিলেন রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. জিয়াউল হক, ভৌত অবকাঠামো বিভাগের প্রধান কবির আহমদ, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মঈনুল হাসান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনসহ রেলওয়ে ও বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরিদর্শন শেষে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, সিলেট-জাফলং রেলপথ বাস্তবায়িত হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। পণ্যবাহী ট্রেনের মাধ্যমে কম খরচে ও দ্রুত পণ্য পরিবহন সম্ভব হবে। পাশাপাশি দেশি-বিদেশি পর্যটকদের জাফলংয়ে যাতায়াত আরও সহজ, নিরাপদ ও আরামদায়ক হবে।

তিনি আরও বলেন, রেলপথ চালু হলে শুধু পর্যটন শিল্প নয়, গোয়াইনঘাটসহ আশপাশের এলাকার ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে। প্রকল্পটি বাস্তবায়িত হলে স্থানীয় জনগণ বহুমুখী সুবিধা ভোগ করবে বলেও আশা প্রকাশ করেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com