রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সোমবার (৩ আগস্ট) সকাল থেকেই আকাশ মেঘে ঢাকা। কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দুপুরের মধ্যে রাজধানীতে হালকা থেকে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
এদিকে, সোমবার সকাল ৬টায় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রাজধানীসহ মধ্যাঞ্চলে দিনের বিভিন্ন সময়ে অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।