বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়েই গড়ে উঠবে আদর্শ জাতি: সেনাপ্রধান

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৭৬ জন সংবাদটি দেখেছেন

আধুনিক শিক্ষা ও ইসলামিক শিক্ষার সমন্বয় ছাড়া ভবিষ্যতে নৈতিক, দক্ষ ও মানবিক জাতি গঠন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

সোমবার (৩ আগস্ট) সকালে রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন, “আজ যদি আমরা শিক্ষাব্যবস্থাকে সঠিকভাবে গড়ে তুলতে পারি, তাহলে আগামী ৩০ বছর পর একটি সুস্থ, আদর্শ ও নৈতিক জাতি পাব। বর্তমানে আধুনিক শিক্ষায় ইসলামিক মূল্যবোধের ঘাটতি রয়েছে। আবার ইসলামিক শিক্ষায় আধুনিক জ্ঞান ও দক্ষতার অভাব দেখা যায়। ফলে ইসলামিক শিক্ষায় বেড়ে ওঠা অনেকের সমাজে কার্যকর ভূমিকা রাখার সুযোগ সীমিত হয়ে পড়ে। তাই আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি বলেন, নতুন এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হলো ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যা ভবিষ্যতে নৈতিক, দক্ষ ও সুশৃঙ্খল নাগরিক তৈরিতে ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানটির ইংরেজি মাধ্যম বিভাগ ক্যামব্রিজ কারিকুলাম অনুসরণ করে পরিচালিত হবে বলেও জানান তিনি।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠালগ্ন থেকেই মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তিনি আশা প্রকাশ করেন, মূল্যবোধভিত্তিক এ শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলিতেও সমৃদ্ধ করে তুলবে।

প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ সম্প্রসারণ পরিকল্পনার কথা উল্লেখ করে সেনাপ্রধান বলেন, “এটি ধীরে ধীরে আরও বড় পরিসরে সম্প্রসারিত হবে। বর্তমানে ৬১ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হলেও ভবিষ্যতে প্রায় ১ হাজার ৪০০ শিক্ষার্থী এখানে অধ্যয়নের সুযোগ পাবে।”

সেনাবাহিনীর পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের ভর্তি করানোর জন্য অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে সেনাসদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা, বিভিন্ন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, সময়ের পরিবর্তিত চাহিদার প্রেক্ষাপটে আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে জ্ঞান, নৈতিকতা, নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যেই আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ক্যামব্রিজ কারিকুলামভিত্তিক ইংরেজি মাধ্যম শিক্ষা এবং ইসলামিক মূল্যবোধভিত্তিক পাঠদান একসঙ্গে পরিচালিত হবে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com