বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রথম বৈঠক আজ

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৮৮ জন সংবাদটি দেখেছেন

জাতীয় সংসদের ‘সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি’ প্রথম বৈঠকে বসছে আজ (মঙ্গলবার)। সংসদ ভবনের কেবিনেট কক্ষে দুপুর ১২টায় বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের এ বিশেষ কমিটি গঠন করা হয়। সরকারি দল বিরোধী দলের কাছে কমিটিতে পাঁচজন সদস্যের নাম চাইলেও তারা কোনো প্রতিনিধি দেয়নি। বিরোধী দলের বক্তব্য, তারা সংবিধানের আংশিক সংশোধনের পরিবর্তে পূর্ণাঙ্গ সংবিধান সংস্কার চান।

১৪ জুলাই প্রকাশিত গেজেট অনুযায়ী, কমিটির কার্যপরিধি হলো সংবিধানের প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে সুপারিশ প্রণয়ন করে জাতীয় সংসদে প্রতিবেদন দাখিল করা। তবে কমিটির কার্যপ্রক্রিয়া, কাজের ধরন কিংবা প্রতিবেদন জমা দেওয়ার সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি। প্রথম বৈঠকে এসব বিষয়ে কর্মকৌশল চূড়ান্ত হতে পারে।

অন্তর্বর্তী সরকারের সময়ে গত বছরের নভেম্বরে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের লক্ষ্যে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ’ জারি করা হয়। এর ধারাবাহিকতায় গত ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট অনুষ্ঠিত হয়।

নির্বাচনের পর জামায়াতসহ কয়েকটি বিরোধী দলের নির্বাচিত প্রতিনিধিরা সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে পৃথক দুটি শপথ গ্রহণ করেন। অন্যদিকে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা সংবিধানে এ ধরনের বিধান না থাকায় কেবল সংসদ সদস্য হিসেবে শপথ নেন। সংরক্ষিত নারী আসনের সদস্যরাও শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের অক্টোবরে সংবিধান সংস্কার কমিশনসহ ছয়টি সংস্কার কমিশন গঠন করে। সংবিধান সংস্কার কমিশন বিভিন্ন রাজনৈতিক দল, অংশীজন ও জনমতের ভিত্তিতে প্রস্তুত করা সুপারিশ ২০২৫ সালের ৩১ জানুয়ারি সরকারের কাছে জমা দেয়।

পরবর্তীতে ছয়টি সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফা আলোচনার পর জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়। এতে সংবিধান সংশ্লিষ্ট ৪৮টি সংস্কার প্রস্তাব অন্তর্ভুক্ত রয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com