বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

নির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণে সরকারের ৬ কমিটি

  • সবশেষ আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৮৭ জন সংবাদটি দেখেছেন

নির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান সুষ্ঠু ও মর্যাদাপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে ছয়টি কমিটি গঠন করেছে সরকার। রোববার (৯ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সরকার গঠন ও রাষ্ট্রাচার শাখা থেকে এ-সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, বাংলাদেশ নির্বাচন কমিশন গত ৬ আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচন শেষে প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়ার পর নির্ধারিত দিন, তারিখ, সময় ও স্থানে নির্বাচিত রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজন করা হবে। অনুষ্ঠানটি যথাযথ মর্যাদায় সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে ছয়টি কমিটি গঠন করা হয়েছে।

কমিটিগুলো হলো সমন্বয় কমিটি, ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটি, অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটি, আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটি, আসন ব্যবস্থাপনা কমিটি এবং অভ্যর্থনা কমিটি।

সমন্বয় কমিটির আহ্বায়ক করা হয়েছে সমন্বয় ও সংস্কার সচিব ফারাহ শাম্মীকে। মন্ত্রিপরিষদ বিভাগের বিভিন্ন অনুবিভাগের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব ও উপসচিবদের এ কমিটির সদস্য করা হয়েছে। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সরকার গঠন ও রাষ্ট্রাচার শাখার সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোরশেদ। কমিটিটি অন্য উপকমিটিগুলোর কার্যক্রম সমন্বয়ের পাশাপাশি শপথগ্রহণ অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি সম্পর্কে মন্ত্রিপরিষদ সচিবকে অবহিত করবে।

ডকুমেন্টেশন ও রেকর্ড সংরক্ষণ কমিটির আহ্বায়ক করা হয়েছে প্রশাসন ও বিধি অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শামীম সোহেলকে। এ কমিটি রাষ্ট্রপতির শপথগ্রহণের ফোল্ডার এবং স্পিকারের জন্য শপথ পাঠ করানোর ফোল্ডার প্রস্তুত করবে। পাশাপাশি মন্ত্রিপরিষদ সচিবের মাধ্যমে অনুষ্ঠান পরিচালনার ধারাক্রম এবং প্রয়োজনীয় নথি প্রস্তুত ও সংরক্ষণের ব্যবস্থা করবে।

অতিথি তালিকা প্রণয়ন ও আমন্ত্রণপত্র মুদ্রণ কমিটির আহ্বায়কের দায়িত্বও পেয়েছেন অতিরিক্ত সচিব মোহাম্মদ শামীম সোহেল। মন্ত্রিপরিষদ সচিবের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থা থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমন্ত্রিত অতিথিদের তালিকা তৈরি করবে কমিটি। নির্ধারিত সময়ের মধ্যে আমন্ত্রণপত্র তৈরি ও মুদ্রণ করে তা বিতরণ কমিটির কাছে হস্তান্তর করা হবে।

আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটির আহ্বায়ক করা হয়েছে সমন্বয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানকে। কমিটি অতিথিদের শ্রেণিভিত্তিকভাবে আমন্ত্রণপত্র বিতরণ, প্রাপ্তি যাচাই ও সার্ভিস রিটার্ন সংরক্ষণ করবে। একই সঙ্গে অতিথিদের উপস্থিতি নিশ্চিত করে সেই তথ্য আসন ব্যবস্থাপনা কমিটির কাছে পাঠাবে।

আসন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবিরকে। রাষ্ট্রপতির কার্যালয় এবং আমন্ত্রণপত্র বিতরণ ও প্রাপ্তি যাচাই কমিটির সঙ্গে সমন্বয় করে বঙ্গভবনে অতিথিদের আসনবিন্যাস চূড়ান্ত করবে এ কমিটি। অনুষ্ঠানের দিন নির্ধারিত আসন সংরক্ষণ এবং অতিথিদের আসন গ্রহণে সহায়তা করার দায়িত্বও তাদের।

অন্যদিকে অভ্যর্থনা কমিটির আহ্বায়ক করা হয়েছে আইন অনুবিভাগের অতিরিক্ত সচিব ইয়াসমিন বেগমকে। অনুষ্ঠানের দিন অতিথিদের অভ্যর্থনা জানানো এবং নির্ধারিত আসনে বসতে সহায়তা করবে এ কমিটি।

অফিস আদেশে আরও বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী প্রতিটি কমিটি কর্মকর্তা-কর্মচারী কো-অপ্ট করতে পারবে। আদেশ পাওয়ার পর কমিটিগুলোকে দ্রুত সভা করে কর্মপরিকল্পনা গ্রহণ করতে বলা হয়েছে। একই সঙ্গে উপকমিটির আহ্বায়কদের তাদের কার্যক্রম নিয়মিতভাবে সমন্বয় ও সংস্কার সচিবকে অবহিত করে প্রয়োজনীয় নির্দেশনা নিতে বলা হয়েছে।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com