আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ৩ উইকেটের জয় তুলে নিয়ে সিরিজে এগিয়ে গেছে আফগানিস্তান। এই জয়ের মধ্য দিয়ে আফ্রিকার দক্ষিণাঞ্চলে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিটও নিশ্চিত করেছে দলটি। একই সঙ্গে বাংলাদেশের বিশ্বকাপে সরাসরি খেলার পথও নিশ্চিত হয়েছে।
আগামী ৩০ সেপ্টেম্বরের কাট-অফ তারিখ শেষে র্যাংকিংয়ের শীর্ষ দলগুলো সরাসরি বিশ্বকাপে জায়গা পাবে। স্বাগতিক দক্ষিণ আফ্রিকা শীর্ষ আটের মধ্যে থাকায় র্যাংকিংয়ের নবম স্থানে থাকা দলটিও সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে। আর সেই জায়গাটি নিশ্চিত করেছে বাংলাদেশ।
ফলে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, আফগানিস্তান, স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সঙ্গে বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ।
অন্যদিকে দশম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সামনে কাট-অফ তারিখের আগে আরও দুটি ওয়ানডে রয়েছে। তবে ভারতের বিপক্ষে ওই দুই ম্যাচে জয় পেলেও তাদের নবম স্থানে উঠে আসার সুযোগ নেই। ফলে আগামী বছরের ফেব্রুয়ারিতে আবারও বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে হবে ক্যারিবীয়দের। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বাছাইপর্বের বাধা পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নেওয়ার লড়াইয়ে নামতে হবে তাদের।
ওয়েস্ট ইন্ডিজ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও সরাসরি খেলার সুযোগ পায়নি। বাছাইপর্বে খেললেও সুপার সিক্স পর্বে পঞ্চম হয়ে বিদায় নেয় দলটি। ফলে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে জায়গা করতে ব্যর্থ হয়েছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এবারের বাছাইপর্বেও বিশ্বকাপে জায়গা করে নেওয়ার জন্য কঠিন পথ পাড়ি দিতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। কোয়ালিফায়ারের বিজয়ী দল সরাসরি বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা পাবে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ দল খেলবে ‘সুপার সিরিজ’ নামের আরেকটি পর্বে। সেখান থেকে শীর্ষ দল বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ পাবে।