প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। এ বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয়ে কার্যকর আলোচনা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ড. মাহদী আমিন বলেন, “প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ২৫টি কোম্পানির প্রতিনিধিদের আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। কার্যকর আলোচনা হয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ স্বনির্ভর ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি।”
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য সম্পর্ক, বিনিয়োগের পরিবেশ এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং এক্সিলারেট এনার্জির চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন। তার সঙ্গে ছিলেন ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়া বিষয়ক সভাপতি অতুল কেশপ।
বৈঠকে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, কূটনীতিক নিশা দেশাই এবং ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের সদস্যরা। ওই বৈঠকেও দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।