চট্টগ্রামের লোহাগাড়ায় জামায়াতে ইসলামীর এক নেতার পরিচালিত মাদ্রাসা থেকে কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য বরাদ্দ করা ১৩ বস্তা আমন ধানের বীজ উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নের জামেউল উলুম মাদ্রাসা থেকে এসব বীজ উদ্ধার করা হয়।
অভিযুক্ত শামসুল ইসলাম হেলালী চরম্বা ইউনিয়ন জামায়াতের আমির। তিনি ওই মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপারের দায়িত্বেও রয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মাদ্রাসাটি পরিদর্শনে যান লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজিদ-বিন-আকন্দ। এ সময় সুপারের কার্যালয়ের পাশে একটি কক্ষ তালাবদ্ধ দেখতে পান তিনি। পরে কক্ষটি খোলার নির্দেশ দেওয়া হলে সেখান থেকে ১৩ বস্তা আমন ধানের বীজ পাওয়া যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শফিউল ইসলাম বলেন, প্রায় ২০ দিন আগে কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য বীজগুলো দেওয়া হয়েছিল। চরম্বা ইউনিয়নটি দূরবর্তী হওয়ায় কৃষকদের দুজন প্রতিনিধির মাধ্যমে বীজগুলো সেখানে পাঠানো হয়। প্রায় ১৫ দিন আগে এসব বীজ কৃষকদের মধ্যে বিতরণের কথা ছিল।
তিনি বলেন, “বীজগুলো কেন সময়মতো বিতরণ করা হয়নি এবং কীভাবে একজন রাজনৈতিক নেতার কাছে গিয়ে মাদ্রাসায় সংরক্ষিত ছিল, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযোগের বিষয়ে শামসুল ইসলাম হেলালী বলেন, কৃষকদের মধ্যে বিতরণের জন্য তাঁদের ১৭ বস্তা বীজ দেওয়া হয়েছিল। এর মধ্যে চার বস্তা বিতরণ করা হয়েছে। বাকি বীজগুলো তিনি মাদ্রাসায় রেখে দিয়েছিলেন। ব্যস্ততার কারণে সেগুলো আর বিতরণ করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদ-বিন-আকন্দ বলেন, উদ্ধার করা বীজগুলো স্থানীয় কৃষকদের মধ্যে বিতরণ করা হয়েছে। এ ঘটনায় মাদ্রাসার সুপারকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাব পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।