চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও আইফোন জব্দ করা হয়েছে। একই সময় বিমানবন্দরের ব্যাগেজ বেল্ট এলাকায় পরিত্যক্ত অবস্থায় আরও এক হাজারের বেশি কার্টন সিগারেট পাওয়া গেছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটের দিকে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
তিন যাত্রী হলেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার মঈনুল আবদিন ও আব্দুল মান্নান এবং ফেনী সদরের নুরুল আলম রিয়াদ।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, বিমানবন্দরের গোয়েন্দা সংস্থাগুলোর গোপন তথ্যের ভিত্তিতে দুবাই থেকে আসা ফ্লাইটটির তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা হয়।
তল্লাশির সময় তাদের কাছ থেকে ৭৮২ কার্টন সিগারেট ও ১৩টি আইফোন পাওয়া যায়। এ ছাড়া ব্যাগেজ বেল্ট এলাকায় পরিত্যক্ত অবস্থায় আরও ১ হাজার ২০ কার্টন সিগারেট উদ্ধার করা হয়।
সব মিলিয়ে অভিযানে ১ হাজার ৮০২ কার্টন সিগারেট ও ১৩টি আইফোন জব্দ করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, জব্দ করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৩৬ লাখ ৪ হাজার টাকা এবং আইফোনগুলোর মূল্য প্রায় ১৫ লাখ টাকা। সেই হিসাবে জব্দ পণ্যের মোট আনুমানিক মূল্য ৫১ লাখ ৪ হাজার টাকা।
প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল জানান, যাত্রীদের কাছ থেকে আটক পণ্য ডিটেনশন মেমোরেন্ডামের মাধ্যমে জব্দ করা হয়েছে। সেগুলো চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে থাকবে।
তবে আটক তিন যাত্রীকে বিমানবন্দরের কাস্টমস ইন্টেলিজেন্স ও কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।