দিনাজপুরের ফুলবাড়ীতে চলন্ত বাসের ধাক্কায় শিফা নামে ১০ বছরের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ ও বিচার দাবি করেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিনাজপুর-ফুলবাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিফা ফুলবাড়ী উপজেলার সুজলপুর গ্রামের ইস্তামুলের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মায়ের সঙ্গে স্কুলে যাচ্ছিল শিফা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সড়ক পার হওয়ার সময় একটি চলন্ত বাস তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যায় শিশুটি। স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটি আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে যায়। খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় দুই ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেছিলেন। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আটক বাসটি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে শিফার মর্মান্তিক মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।