জামালপুরের মাদারগঞ্জে বহুল আলোচিত মহর আলী ও তার ভাতিজা স্বপন মিয়া হত্যা মামলায় সাত আসামিকে মৃত্যুদণ্ড এবং আরও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ৫০ হাজার টাকা এবং যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টার দিকে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোহাম্মদ নেজাম উদ্দিন এ রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালে মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে পুলিশকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার বাড়ি দেখিয়ে দেওয়ার অভিযোগ তুলে মহর আলী ও তার ভাতিজা স্বপন মিয়াকে বাড়ি থেকে ডেকে নেওয়া হয়। পরে তাদের হত্যা করা হয়।
এ ঘটনায় দায়ের করা মামলায় দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করেন।
মামলার সাজাপ্রাপ্ত আসামি ও বাদীপক্ষ উভয়েই মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাসিন্দা।
রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত সাজাপ্রাপ্ত আসামিদের কড়া নিরাপত্তায় কারাগারে পাঠানো হয়েছে।