জাপানের পূর্বাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। রোববার ভোরে ইবারাকি প্রিফেকচারের দক্ষিণাঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে। তবে ভূমিকম্পের পর কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৬৮ কিলোমিটার গভীরে। দেশটির ভূমিকম্প তীব্রতা নির্ণয়ের ৭ মাত্রার স্কেলে ইবারাকির বিভিন্ন এলাকা এবং রাজধানী টোকিওর কিছু অংশে পাঁচের নিচে কম্পন রেকর্ড করা হয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সাইতামা, কানাগাওয়া ও চিবা প্রিফেকচারে অন্তত ২০ জনের বেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে সাইতামায় এক তরুণ ও ৭০ বছরের বেশি বয়সী এক নারী রয়েছেন। এছাড়া কানাগাওয়ায় ৯ জন এবং চিবায় ৪ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ভূমিকম্পের কারণে কিছু এলাকায় রেল চলাচলে বিঘ্ন ঘটে। কয়েকটি ট্রেন ধীরগতিতে চলাচল করে এবং তোবু রেলওয়ের কিছু এক্সপ্রেস ট্রেনের চলাচল সাময়িকভাবে স্থগিত রাখা হয়।
এদিকে ইবারাকির তোকাই-২ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং ফুকুশিমা দাইইচি ও ফুকুশিমা দাইনি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কোনো ধরনের অস্বাভাবিকতা বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংশ্লিষ্ট কর্মকর্তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ দ্রুত মূল্যায়ন এবং জনগণকে প্রয়োজনীয় তথ্য সরবরাহের নির্দেশ দিয়েছেন।
জাপান আবহাওয়া সংস্থা সতর্ক করে জানিয়েছে, আগামী এক সপ্তাহ বিশেষ করে পরবর্তী দুই থেকে তিন দিনের মধ্যে একই ধরনের শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনা রয়েছে। তাই জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
ভূমিকম্পের কম্পন উত্তর-পূর্ব ও মধ্য জাপানসহ বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি, জাপান আবহাওয়া সংস্থা (JMA)।