ভারতের মুম্বাইয়ের একটি মেট্রো স্টেশনে নিয়মিত ঘুরে বেড়ানো এক বিড়ালকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে মজার ঘটনা। এক যাত্রীর রসিক আবেদনের পর বিড়ালটিকে অনানুষ্ঠানিকভাবে ‘চিফ ফেলাইন অফিসার’ বা সিএফও পদবি দিয়েছে মুম্বাই মেট্রো কর্তৃপক্ষ। বিষয়টি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
ঘটনাটি মুম্বাইয়ের গুন্ডাওয়ালি মেট্রো স্টেশনের। স্টেশনটির প্রবেশপথের আশপাশে বিড়ালটিকে নিয়মিত দেখা যায়। যাত্রীদের কাছেও এটি বেশ পরিচিত মুখ।
সম্প্রতি সন্দেশ সামন্ত নামে এক যাত্রী স্টেশনের প্রবেশপথের কাছে বসে থাকা বিড়ালটির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। পোস্টে মহা মুম্বাই মেট্রো অপারেশন করপোরেশন লিমিটেডকে (এমএমএমওসিএল) ট্যাগ করে মজার ছলে বিড়ালটির জন্য একটি আনুষ্ঠানিক পদ দেওয়ার আবেদন জানান।
তিনি লেখেন, ‘প্রিয় মহা মুম্বাই মেট্রো অপারেশন করপোরেশন লিমিটেড, দয়া করে গুন্ডাওয়ালি মেট্রো স্টেশনের এই নিষ্পাপ প্রাণীটিকে একটি আনুষ্ঠানিক পদ দিন। এই মুহূর্তে এটি বিনা বেতনে কাজ করছে।’
যাত্রীর মজার আবেদনটি উপেক্ষা করেনি এমএমএমওসিএল। বরং রসিকতায় যোগ দিয়ে বিড়ালটিকে অনানুষ্ঠানিকভাবে ‘চিফ ফেলাইন অফিসার’ (CFO) পদবি দেয় কর্তৃপক্ষ।
বিড়ালটির দায়িত্বের তালিকাও প্রকাশ করেছে তারা। মেট্রো কর্তৃপক্ষ মজা করে জানায়, স্টেশন পরিদর্শন, যাত্রীদের পর্যবেক্ষণ এবং এমন জায়গায় বসে থাকা যেখানে সবাই তাকে দেখতে পায়, এগুলোই তার প্রধান দায়িত্ব।
বিড়ালটির কর্মদক্ষতা নিয়েও রসিকতা করতে ছাড়েনি কর্তৃপক্ষ। তারা জানায়, এখন পর্যন্ত নতুন ‘চিফ ফেলাইন অফিসারের’ পারফরম্যান্স একেবারে ‘পারফেক্ট’।
ঘটনাটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরাও নানা মজার মন্তব্য করতে শুরু করেন।
একজন লিখেছেন, ‘সত্যি বলছি, প্রতিদিন সকালে গুন্ডাওয়ালি স্টেশনে আমি ওকে খুঁজি।’
আরেকজন রসিকতা করে লিখেছেন, ‘আজ থেকে তাকে প্রধান ইঁদুর ধরার কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হলো।’
মেট্রোর ব্যস্ত যাতায়াতের মধ্যে নিয়মিত যাত্রীদের পরিচিত হয়ে ওঠা ছোট্ট এই বিড়ালটি এখন সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে পেয়েছে নতুন পরিচয়। মুম্বাই মেট্রোর ‘চিফ ফেলাইন অফিসার’ হিসেবে ইতোমধ্যেই নেটিজেনদের মনও জয় করে নিয়েছে সে।