পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৮ হিজরি উদযাপন উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুরু হচ্ছে পক্ষকালব্যাপী ‘সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠানমালা’। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার (২৫ আগস্ট) বাদ মাগরিব বায়তুল মোকাররমের পূর্ব সাহানে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজন শুরু হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। বিশেষ অতিথি থাকবেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম ও আদর্শের পাশাপাশি মানবিক মূল্যবোধ, শান্তি, সাম্য, ন্যায় ও সম্প্রীতির শিক্ষা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য।
পক্ষকালব্যাপী অনুষ্ঠানমালায় থাকছে ওয়াজ মাহফিল, কেরাত মাহফিল ও হামদ-নাত মাহফিল। ইসলামিক ফাউন্ডেশন ও বাংলাদেশ বেতারের যৌথ উদ্যোগে আয়োজন করা হবে বিশেষ সেমিনার।
বাংলাদেশ বেতারের উদ্যোগে রাসুলুল্লাহ (সা.)-এর শানে রচিত কবিতা পাঠের মাহফিলও অনুষ্ঠিত হবে।
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হবে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা। পাশাপাশি সিরাত স্মরণিকা ও ক্রোড়পত্র প্রকাশ এবং ইসলামী ক্যালিগ্রাফি প্রদর্শনীর আয়োজন থাকছে।
আগামী ২৫ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বাদ মাগরিব থেকে রাত ১০টা পর্যন্ত দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখরা ওয়াজ করবেন।
আলোচনায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও সুন্নাহ অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার ও সমাজে নৈতিকতা, মানবিকতা, সহনশীলতা এবং শান্তির চেতনা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেওয়া হবে।
অনুষ্ঠানমালার পাশাপাশি জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে আয়োজন করা হয়েছে মাসব্যাপী ইসলামী বইমেলা। এতে ইসলামী সাহিত্য ও বিভিন্ন ধর্মীয় প্রকাশনা পাঠকদের জন্য তুলে ধরা হবে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা, শিক্ষক-শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।