বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, জ্বালানি সহায়তা ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান

  • সবশেষ আপডেট : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৬৩ জন সংবাদটি দেখেছেন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই মির্জা ফখরুলের সঙ্গে কোনো বিদেশি কূটনীতিকের প্রথম সাক্ষাৎ।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন।

সাক্ষাৎকালে সৌদি রাষ্ট্রদূত দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান।

জ্বালানি সংকটে সৌদির সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

সৌদি রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বাংলাদেশের পাশে থাকতে সৌদি আরবের প্রতি আহ্বান জানান। পাশাপাশি দুই দেশের সরকারি ও বেসরকারি পর্যায়ে বাণিজ্য ও বিনিয়োগ আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জবাবে সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে জ্বালানি সহায়তা ও বিনিয়োগ অব্যাহত রাখার আশ্বাস দেন।

বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান

সৌদি আরবে ৩৫ লাখের বেশি বাংলাদেশি কর্মী কাজ করছেন উল্লেখ করে রাষ্ট্রপতি দেশটির প্রতি কৃতজ্ঞতা জানান। ভবিষ্যতেও বাংলাদেশ থেকে অগ্রাধিকার ভিত্তিতে জনশক্তি নেওয়ার আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত চমৎকার। এই সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন তিনি।

হজযাত্রীদের সুবিধা বাড়ানোর অনুরোধ

বাংলাদেশি হজযাত্রীদের সফর আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে সৌদি সরকারের সহযোগিতা চান রাষ্ট্রপতি। বিশেষ করে মিনায় গোসলখানা ও শৌচাগারের সুবিধা উন্নত করার আহ্বান জানান তিনি।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সৌদি রাষ্ট্রদূত।

সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সৌদি রাষ্ট্রদূতের মাধ্যমে বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

মির্জা ফখরুল সৌদি বাদশাহ ও ক্রাউন প্রিন্সের নেতৃত্বের প্রশংসা করেন এবং মুসলিম উম্মাহর কল্যাণে তাদের ভূমিকার জন্য শুভেচ্ছা জানান।

সাক্ষাতে রাষ্ট্রপতির সচিব, সামরিক সচিব, প্রেস সচিব এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com