বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

চলতি অর্থবছরেই পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন, বরাদ্দ ৬ হাজার কোটি টাকা

  • সবশেষ আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৬৬ জন সংবাদটি দেখেছেন

চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব নির্বাচন আয়োজনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। বৈঠক শেষে সাংবাদিকদের আলোচনার বিভিন্ন বিষয় তুলে ধরেন প্রতিমন্ত্রী।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর অনুমতি সাপেক্ষে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করা হবে। ওই বৈঠকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

তিনি বলেন, নির্বাচনের তপশিল ঘোষণা এবং ভোটগ্রহণের তারিখ নির্ধারণের এখতিয়ার নির্বাচন কমিশনের। ইসির সঙ্গে বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত ব্রিফিং দেওয়া হবে।

এদিকে বৈঠকে বাংলাদেশের পানি সরবরাহ ব্যবস্থায় ডেনমার্কের সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়। প্রতিমন্ত্রী জানান, রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা করবে ডেনমার্ক। পাশাপাশি সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপের কাজ শেষ করতেও দেশটি সহায়তা দেবে।

মীর শাহে আলম জানান, প্রায় ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন প্রকল্পটির তৃতীয় ধাপে ডেনমার্ক সাড়ে ৪ হাজার কোটি টাকা সহায়তা দেবে। এর মধ্যে দেড় হাজার কোটি টাকা অনুদান হিসেবে পাওয়া যাবে। বাকি ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে বাংলাদেশ সরকার।

দীর্ঘ মেয়াদে অর্থ পরিশোধের সুযোগ থাকায় সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ তৈরি হবে না বলেও মনে করেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে প্রতিদিন ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে। এতে রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থার সক্ষমতা বাড়বে।

এ ছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় ডেনমার্ক ১০০ কোটি টাকা দেবে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

এই খবরটি আপনার সোস্যাল মিডিয়ায় শেয়ার দিন

এই ক্যাটাগরির আরও খবর
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত আরএনবি নিউজ ২০২৫-২৫
Theme Download From ThemesBazar.Com